কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বন্ধু নিহত

কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বন্ধু নিহত

কক্সবাজারে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন।

নিহতরা হলেন- ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা মো. রিসান (১৯) এবং দরগা এলাকার বাসিন্দা মো. আরাফাত (২১)। আহত মো. সানি (১৮) একই এলাকার বাসিন্দা। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু এবং একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিন বন্ধু দরগা এলাকা থেকে মোটরসাইকেলে করে বাংলাবাজার স্টেশনের উদ্দেশে রওনা দেন। পথে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরিদর্শক মো. নাছির উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163697