নীলফামারীতে মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা করলো ছেলে
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টায় সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার হামিদ হোসেনের ছেলে মতিউল ইসলামকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে একই এলাকার একরামুল হকের ছেলে আলামিন ইসলাম (২৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে মতিউল ইসলাম অভিযুক্ত আলামিনের মা সাহের বানুকে নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলে সাহের বানু পুনরায় সংসারে ফিরে আসেন। তবে ওই ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে সাহের বানুর ছেলে আলামিন ইসলামের সাথে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে আলামিন ধারালো কাস্তে দিয়ে মতিউল ইসলামের গলায় আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিউল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত আলামিন ইসলাম পলাতক রয়েছে।
এদিকে ঘটনার পরপরই পুলিশ আলামিনের বাবা একরামুল হক, মা সাহের বানুকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রী চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163619