সিরাজগঞ্জে জ্বালানি তেল জব্দ দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে জ্বালানি তেল জব্দ দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে মবুপুর বাজারের দুই ব্যবসায়ী হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে হাসমত আলীর দোকান থেকে ৬০০ লিটার পেট্রল ও ৪০০ লিটার ডিজেল এবং আব্দুস সালামের দোকান থেকে ৪২০ লিটার পেট্রল, ৮৫ লিটার ডিজেল ও ৫ লিটার অকটেন জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে উদ্ধারকৃত জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163607