স্থল অভিযানে এলে কোনো শত্রু সেনা জীবিত ফিরবে না: ইরানি সেনাপ্রধান

স্থল অভিযানে এলে কোনো শত্রু সেনা জীবিত ফিরবে না: ইরানি সেনাপ্রধান
যেকোনো সম্ভাব্য হামলার মুখে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি সতর্ক করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালায়, তাহলে কোনো শত্রু সেনা যেন জীবিত ফিরে যেতে না পারে।’
 
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাতামি বলেন, ‘শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে।’
 
তিনি অপারেশনাল কমান্ডগুলোর প্রতি নির্দেশ দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সময়মতো যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’ শত্রুর প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রম অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়মিত পর্যবেক্ষণের ওপরও জোর দেন তিনি।
 
এছাড়া, সম্ভাব্য হামলার কৌশল মোকাবিলায় দ্রুত প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান সেনাপ্রধান।
 
তিনি বলেন, ‘দেশের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে—জনগণ বিপদের মধ্যে থাকলে অন্য কোথাও নিরাপত্তা থাকা গ্রহণযোগ্য নয়।’
 
অন্যদিকে, গত শনিবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, পেন্টাগন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
 
প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে এবং ইতোমধ্যে অনেক সেনা সেখানে পৌঁছেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163576