যশোরে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিপুল পরিমাণ হীরা ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক সুজা উদ্দিনকে (৫২) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল ) সকালে যশোর সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃত সুজা উদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে

সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালেই নতুনহাট বাজারে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশিকালে সুজা উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫৫.৭৬ গ্রাম হীরা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত হীরাগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজা উদ্দিন বলেন, তিনি হীরা ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এছাড়া আটককৃত ব্যক্তি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।

বিজিবি অধিনায়কের তথ্যানুযায়ী, জব্দকৃত হীরার মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫১০ টাকা এবং বৈদেশিক মুদ্রার মূল্য ১ লাখ ২৫ হাজার ৬৫১ টাকা।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা হীরা ও মুদ্রা পরে যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163500