আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ

আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বিসিবিতে আসা এই পরিচালক নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) তিনি কালবেলাকে বলেন, ‘হ্যাঁ, আমি বিসিবি পরিচালকের পদত্যাগ করেছি। আজকে সকালেই আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। তবে আর কেউ করেছে কি না, জানা নেই।’

 

গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন। ইয়াসির মোহাম্মদ ফয়সাল সরে দাঁড়ানোর ফলে সেই তালিকা আরও লম্বা হলো। ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির।

গত বছর বহুল আলোচিত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের শেষটায় দেখা যায় বিচিত্র কান্ড। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের কোটায় দুজনকে পরিচালক বানিয়ে একজনকে বিতর্কের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণের সিদ্ধান্ত নেয়।

সেই নির্বাচনে তিনটি ভিন্ন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী বাকি দুজন আসেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে। সেই সময়েই দুই পরিচালকের একজন ছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163494