ত্রিশালে ৩ বছর বয়সী শিশুকে হত্যা , বাবা পলাতক
ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে লাবিব নামে ৩ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে। উপজেলার রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে গতকাল বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত সোহাগ মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নানা ওজা মিয়া জানান, বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়ির পাশে শিশু লাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।