প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)-কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সচিব পদমর্যাদায় তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ড. শাকিরুল ইসলাম খান একজন প্রখ্যাত গবেষক ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। বর্তমানে তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন এবং রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ (আরসিজিএলআইডি)-এর সঙ্গেও যুক্ত।

তার গবেষণা কাজের পরিসর ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড-১৯, জলাতঙ্ক ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা উন্নয়নে বিস্তৃত। এছাড়া তিনি গবাদিপশু ও পোলট্রি উৎপাদন ও সংরক্ষণ নিয়েও গবেষণা করেছেন।

একাডেমিক জীবনে তিনি জাপানের এহিমে ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায়ও গবেষণা ফেলো হিসেবে কাজ করেন। বাংলাদেশ, জাপান ও মালয়েশিয়ায় দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তার গবেষণা ও শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে।

জানা যায়, তিনি ৩০ জনের বেশি গবেষক শিক্ষার্থীকে তত্ত্বাবধান করেছেন এবং আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড জার্নালে ১৫০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি গোল্ড মেডেল ও বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও অনুদানও পেয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163469