প্রকাশ্যে রামায়ণে রণবীরের প্রথম লুক!
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল ‘রামায়ণ’ ছবির প্রথম প্রচারঝলক। আর সেই ঝলকেই প্রথমবার রাম চরিত্রে দেখা গেল রণবীর কাপুরকে। হনুমানজয়ন্তী উপলক্ষে প্রকাশিত এই ভিডিও ঘিরে সকাল থেকেই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
নিতেশ তিওয়ারি। পরিচালিত এই ছবিকে ঘিরে শুরু থেকেই প্রত্যাশা ছিল বড়। কারণ, পৌরাণিক কাহিনি অবলম্বনে নির্মিত এই প্রকল্পে প্রযুক্তিগত দিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রযোজক নামিত মালহোত্রা আগেই জানিয়েছিলেন, ছবির দৃশ্য নির্মাণে আন্তর্জাতিক মানের কাজ রাখার চেষ্টা করা হয়েছে। প্রথম প্রচারঝলক প্রকাশের পর দর্শকের বড় অংশের প্রতিক্রিয়ায় সেই প্রত্যাশারই প্রতিফলন দেখা গেছে।
বিশেষ করে দৃশ্য নির্মাণের কারিগরি মান নিয়ে প্রশংসা বেশি শোনা যাচ্ছে। বহু দর্শকের মতে, ছবির প্রতিটি ফ্রেমে সূক্ষ্ম কাজের ছাপ স্পষ্ট। আগের কয়েকটি পৌরাণিক ছবির তুলনায় এই ঝলক অনেক বেশি পরিণত ও বিশ্বাসযোগ্য বলেও মন্তব্য এসেছে।
সংগীতও আলোচনায় এসেছে সমানভাবে। কারণ এই ছবির আবহসংগীতে একসঙ্গে কাজ করছেন এ আর রাহমান এবং হ্যান্স জিমার। প্রথম ঝলকের স্বল্প সময়েই সেই সুরের আবহ দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ছবিতে সীতা চরিত্রে থাকছেন সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে। পাশাপাশি রয়েছেন সানি দেওল ও রাভি।
প্রচারঝলক প্রকাশের পর আলিয়া ভাট নিজেও সামাজিক মাধ্যমে তা ভাগ করে নেন। এতে ছবিকে ঘিরে আগ্রহ আরও বাড়ে।
কয়েক বছর আগে আদি পুর মুক্তির পর দৃশ্যপ্রযুক্তি নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। সেই অভিজ্ঞতার পর দর্শকের একটি বড় অংশ এবার তুলনা টেনে বলছেন, নতুন এই ছবির প্রথম ঝলক অনেক বেশি পরিমিত ও যত্নশীল।
দুই মিনিটের কিছু বেশি সময়ের এই ভিডিওতেই রাম রূপে রণবীরের উপস্থিতি নিয়ে ইতিবাচক সাড়া মিলেছে। এখন দেখার বিষয়, মুক্তির পর বড় পর্দায় এই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে ছবিটি।