কারাগারে কণ্ঠশিল্পী নোবেল

কারাগারে কণ্ঠশিল্পী নোবেল

বিনোদন ডেস্ক : বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেলেও আপসের শর্ত ভঙ্গ করায় সেই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন। বাদি পক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) এ তথ্য নিশ্চিত করেন

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গত বছর ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী নোবেলের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন-নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং তার সহকারী মুনেম শাহ সৌমিক।

মামলা সূত্রে জানা গেছে, দুই পরিবারের সমঝোতার মাধ্যমে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে মেয়েটি নোবেলের ডেমরার বাসায় দেখা করতে গেলে কণ্ঠশিল্পী নোবেল তার স্টুডিওতে রোজকে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে তিনি সম্মতি না দিলে মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং একই সঙ্গে মোবাইল ফোনে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন নোবেল। এদিকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নোবেল ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, কন্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে রাজধানির ডেমরা থানার একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর আদালত থেকে জামিন পান নোবেল।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163422