পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় পুলিশ সদস্য হুমায়ুন কবির গুরুতর আহত হন। নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেলে পাশের রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে করে দুইজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163386