উপকূলে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

উপকূলে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিক উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলবর্তী সাগরে ডাকাতের কবলে পড়া চার শ্রমিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (৩০ মার্চ) সকালে চার শ্রমিক কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় বাণিজ্যিক জাহাজ “মেঘনা হোপ”-এ কাজ করতে যান। পরদিন গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কাজ শেষে তারা একটি ড্যানিশ বোটে করে চট্টগ্রামে ফেরার পথে ওই এলাকায় ডাকাতের কবলে পড়েন।

এ সময় এমভি লিউ পার্ট-২’ নামের একটি জাহাজের ক্রু সদস্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ডাকাতের কবলে পড়া ড্যানিশ বোট থেকে চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শ্রমিকরা একটি বাণিজ্যিক শিল্পগোষ্ঠীর অধীনে কর্মরত বলে জানা গেলেও, তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানান, উদ্ধারের পর শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163374