মানিকগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক
মানিকগঞ্জ সদরের মানোরা এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১ এপ্রিল) ভোর ৫র দিকে উপজেলার মানোরা পুরাতন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন। আটক ব্যক্তিরা হলেন- বিল্লাল হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৪)। তারা উভয়েই কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বিল্লাল হোসেনের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় ৭ কেজি গাঁজা এবং জাহিদ হাসানের কাছ থেকে আরেকটি বস্তায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163332