জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রি: খানসামায় এক ব্যবসায়ীকে কারাদণ্ড
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লার ডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী জুয়েলের দোকান থেকে বোতলে রাখা ১০০ দশমিক ৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস।
অভিযানকালে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মুদি ব্যবসায়ী জুয়েল রানাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে মোটরসাইকেল চালকদের মধ্যে বিক্রি করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস বলেন, জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163220