একইদিনে এক নাটক নিয়ে মঞ্চে দুই সময়ে স্মরণ সাহা

একইদিনে এক নাটক নিয়ে মঞ্চে দুই সময়ে স্মরণ সাহা

অভি মঈনুদ্দীন ঃ স্মরণ সাহা, একাধারে একজন মঞ্চাভিনেতা, টিভি অভিনেতা, মডেল ও সিনেমার অভিনেতা। মঞ্চে নিজেকে অভিনয়ে যথাযথভাবে প্রস্তুত করেই তিনি টিভি নাটকে ও সিনেমায় অভিনয়ে মনোযোগী হয়ে উঠেছেন। সর্বশেষ তপু খান পরিচালিত শাকিব খান ও বুবলী অভিনীত ব্যবসা সফল সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক।

বর্তমানে তিনি তানভীর মোকাম্মেলের ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। স্মরণ সাহা’র অভিনয়ের শুরুটা ফরিদপুরের মামার বাড়িতে ১৯৮৬ সালে ‘সাংস্কৃতি চক্র’ নাট্যদলের নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। তার অভিনয়ে হাতেখড়ি মোস্তাফিজুর রহমান আজাদের কাছে। পরবর্তীতে তিনি ‘সূর্য সাথী খেলাঘর’র ‘অবাক জলপান’ নাটকে অভিনয় করেন বিশ্বজিৎ বসুর পরিচালনায়। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ‘জাগরণী থিয়েটার’র সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। এখনো এই দলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্মরণ সাহা জানান, জাগরণী থিয়েটার-এর ১৫তম প্রযোজনা মাহফুজা হিলালীর রচনায় ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় ‘রাজার চিঠি’ আগামী ৪ এপ্রিল বিকেল ৫.১৫ মিনিটে ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে ৫১ ও ৫২’তম প্রদর্শনীর মঞ্চস্থ হবে। স্মরণ সাহা অভিনীত প্রথম টিভি নাটক ছিলো সুলতান আহমেদ’র পরিচালনায় ‘সময়ের অতিথি’। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো সুলতান বাদলের ‘আদরের ছোট ভাই’। এরপর তিনি দীলিপ সোমের ‘তোমার জন্য ভালোবাসা’, এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’, শাহীন সুমনের ‘মাতাল রাজা’ সিনেমোতেও অভিনয় করেন। বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন স্মরণ সাহা। সুজনের নির্দেশনায় একটি প্রতিষ্ঠানের ‘গ্যাস স্টোভ’র বিজ্ঞাপনে মডেলিং করে বেশ সাড়া ফেলেছেন তিনি। জাগরণী থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করে স্মরণ সাহা প্রশংসিত হয়েছেন ‘কেনারাম বেচারাম’,‘ রাজার চিঠি’,‘ বিচ্ছু’,‘ বুদ্ধু’,‘ একটি আধুনিক রাক্ষস’ নাটকে।

স্মরণ সাহা বলেন,‘ জাগরণী থিয়েটারের কারণেই আমি আজকের স্মরণ সাহা। দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি রাজার চিঠির ৫১ ও ৫২’তম প্রদর্শনীতে এসে নাটকটি উপভোগ করার জন্য। আমি অভিনয়ে নিজেকে যথাযথভাবে প্রস্তুত করেই এই ভুবনে এসেছি। মঞ্চে আমার শুরু। তাই মঞ্চের প্রতি আমার অদম্য নেশা। মঞ্চে নিজেকে খুঁজে পাই আমি নতুনরূপে সবসময়। আমি আমৃত্যু অভিনয় করে যেতে চাই, এটাই আমার স্বপ্ন। যেন মঞ্চেই আমার মৃত্যু হয়। আর আমার প্রাণের দাবী সাভারে একটি আধুনিক মিলনায়তন বাস্তবায়নের। সাভার সংস্কৃতি কর্মীদের প্রাণের দাবী এটা। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163209