ধুরন্ধর টু'র বক্স অফিসে তাণ্ডব, ভেঙেছে কেজিএফের রেকর্ড
রণবীর সিং অভিনীত সিনেমা 'ধুরন্ধর টু' মুক্তির ১২ দিনেই ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে ৮৬৫ কোটি রুপির গণ্ডি পার করেছে। এটি দক্ষিণি সুপারস্টার যশের কাল্ট ব্লকবাস্টার সিনেমা 'কেজিএফ: চ্যাপ্টার টু'-এর রেকর্ড ভেঙে দিয়েছে। বর্তমানে ছবিটি ১ হাজার কোটির ক্লাবে প্রবেশের পথে রয়েছে।
বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, গত ৯ মার্চ মুক্তির পর থেকে সিনেমাটি একের পর এক রেকর্ড ভাঙছে। প্রথম সপ্তাহেই এটি ৬৭৪ কোটি রুপির বেশি আয় করে। দ্বিতীয় সপ্তাহের সোমবারে এর আয় ছিল ১৯.২৬ কোটি। ১২ দিন শেষে ভারতের বাজারে 'ধুরন্ধর টু'-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬৬.১৩ কোটি রুপি।
এর আগে এসএস রাজামৌলির 'আরআরআর' (৭৮২ কোটি) এবং 'কল্কি ২৮৯৮ এডি' (৬৪৬ কোটি)-এর রেকর্ডও টপকে গেছে এই সিনেমা। সিনেমাটির সাফল্যের পেছনে এর টানটান গল্প এবং অভিনয়শিল্পীদের পারফরম্যান্সকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।
করাচির ল্যারি টাউনের আন্ডারওয়ার্ল্ড এবং পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে 'জাসকিরাত সিং রঙ্গী' চরিত্রটি কীভাবে 'হামজা আলি মাজানি' নামক দুর্ধর্ষ স্পাই হয়ে উঠল, সেই গল্প দর্শকদের মুগ্ধ করেছে। রণবীর সিংয়ের পাশাপাশি আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের উপস্থিতি সিনেমাটিকে পুরো কমার্শিয়াল প্যাকেজে পরিণত করেছে।
বর্তমানে ছবিটির পরবর্তী লক্ষ্যমাত্রা হলো 'বাহুবলী টু' (১,০৩০ কোটি) এবং 'পুষ্পা টু' (১,২৩৪ কোটি)-এর রেকর্ড স্পর্শ করা। রাজামৌলি থেকে শুরু করে আল্লু অর্জুন- ইন্ডাস্ট্রির সব নামি তারকারা এখন রণবীর সিং ও নির্মাতা আদিত্য ধরের প্রশংসায় পঞ্চমুখ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন, বর্তমান গতি বজায় থাকলে খুব দ্রুতই এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আয়ের নতুন উচ্চতা স্পর্শ করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163126