ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর মৃত্যু

ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড নিতে এসে বখতিয়ার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বখতিয়ার উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা। তিনি হাজি রফি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন বখতিয়ার। এসময় উপস্থিত লোকজন তাকে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যায়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, বখতিয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163106