মুন্সীগঞ্জে ৩ দিনের নবজাতককে বাঁচাতে স্পিডবোটে কোস্ট গার্ডের অক্সিজেন সহায়তা
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে অসুস্থ হয়ে পড়া তিন দিনের এক নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সময়মতো অক্সিজেন সহায়তা পাওয়ায় শিশুটির জীবন ঝুঁকি থেকে রক্ষা পায়।
গতকাল সোমবার (৩০ মার্চ) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলার ইলিশা থেকে ‘এমভি সম্পদ’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে করে নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে দুপুর ১টার দিকে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং অক্সিজেনের অভাবে সে সংকটাপন্ন হয়ে পড়ে।
এ সময় শিশুটির বাবা কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুতগতির বোটে ঘটনাস্থলে পৌঁছায়।
পরে চলন্ত লঞ্চেই শিশুটিকে অক্সিজেন সহায়তা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে দ্রুত কোস্ট গার্ডের স্পিডবোটে করে তাকে পাগলা স্টেশনে আনা হয়।
সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে রাজধানীর শ্যামলীর একটি মা ও শিশু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
কোস্ট গার্ডের এই তাৎক্ষণিক পদক্ষেপে নবজাতকের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ দেখা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163100