কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্রে বাড়লো তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে এবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ইরানের হামলায় জাহাজটিতে আগুন লাগে এবং ক্ষয়ক্ষতি হয়। এতে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আর এই হামলার পর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে গেছে।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানরত কুয়েতি তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলার শিকার হয়েছে। কুয়েত নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হামলার সময় ট্যাংকারটি পুরোপুরি তেলে পূর্ণ ছিল। হামলায় জাহাজটির কাঠামোয় ক্ষতি হয় এবং এতে আগুন ধরে যায়। কেপিসি জানিয়েছে, এই হামলার ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা খতিয়ে দেখা ও বিস্তারিত মূল্যায়নের কাজ চলছে।
এদিকে দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পানিসীমায় একটি ড্রোন ও কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার একটি ঘটনা ঘটেছে, তবে এতে কেউ আহত হয়নি। দুবাই মিডিয়া অফিস জানায়, ‘সামুদ্রিক অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’ পরে তারা জানায়, ট্যাংকারে থাকা ২৪ জন নাবিকের সবাই নিরাপদ রয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে। পরবর্তীতে দুবাই মিডিয়া অফিস জানায়, জরুরি সেবা দল সফলভাবে ‘আল-সালমি’ ট্যাংকারের আগুন নিভিয়েছে। তারা জানায়, সংশ্লিষ্ট দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এদিকে এই হামলার পর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের বেশি হয়েছে বলে ব্লুমবার্গ জানিয়েছে। এর আগে সোমবারই ২০২২ সালের পর প্রথমবারের মতো মার্কিন তেলের দাম ১০০ ডলার ছাড়ায়। এদিকে যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও বেড়ে গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়েছে, যা তিন বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম। মূল্যপর্যবেক্ষণ সংস্থা গ্যাসবাডির তথ্যের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে গ্যাসোলিনের গড় খুচরা দাম গ্যালনপ্রতি প্রায় ১.০৬ ডলার বেড়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি। এর আগে সর্বশেষ ২০২২ সালের আগস্টে গ্যালনপ্রতি ৪ ডলারের এই সীমা অতিক্রম করেছিল। সেসময় রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প জ্বালানি দাম কমানো এবং দেশীয় তেল-গ্যাস উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। খবর : আল জাজিরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163097