ইরানি প্রতিনিধিরা আগের চেয়ে ‘অনেক বেশি যৌক্তিক’: হোয়াইট হাউস
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান গোপন আলোচনা নিয়ে মুখ খুলেছে হোয়াইট হাউস। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তারা আগের শাসকদের তুলনায় ‘অনেক বেশি যৌক্তিক’ ও ‘বাস্তববাদী’ আচরণ করছেন। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে এই কর্মকর্তাদের নাম প্রকাশ করতে আবারও অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন।
লিভিট উল্লেখ করেন, পর্দার আড়ালে বা ব্যক্তিগত আলাপে এই প্রতিনিধিদের দৃষ্টিভঙ্গি ইরানের সেইসব সাবেক নেতাদের চেয়ে আলাদা, যারা এখন আর এই পৃথিবীতে নেই।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার অগ্রগতি সন্তোষজনক। তবে তেহরানের ঠিক কার সঙ্গে এই যোগাযোগ রক্ষা করা হচ্ছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পক্ষ থেকে আসা যেকোনো প্রতিশ্রুতি বা অঙ্গীকার কঠোরভাবে ‘পরীক্ষা’ করে দেখা হবে। যদি দেখা যায় যে ট্রাম্পের দেওয়া শর্ত মেনে ইরান কূটনৈতিক সমাধানে আসতে আগ্রহী নয়, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপের পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের মতে, এটি ইরানের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে প্রেসিডেন্টের সঙ্গে একটি কার্যকর চুক্তিতে আসার মাধ্যমেই তারা নিজেদের সংকট থেকে মুক্ত করতে পারে। অন্যথায়, মার্কিন সশস্ত্র বাহিনীর ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন।
এখন দেখার বিষয়, হোয়াইট হাউসের এই আশাবাদ শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নেয় কি না, নাকি সামরিক সংঘাতের শঙ্কা আরও ঘনীভূত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163062