বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ সফরের জন্য সীমিত ওভারের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। প্রত্যাশামতোই আইপিএল ও পিএসএলে ব্যস্ত শীর্ষ তারকাদের বাইরে রেখে তুলনামূলক অনভিজ্ঞ স্কোয়াড নিয়েই সফরে আসছে কিউইরা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার টম ল্যাথাম। দলে সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ ক্রিকেটার।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার উইল ও’রুর্ক, ব্লেয়ার টিকনার এবং ম্যাট ফিশার। তাদের প্রত্যাবর্তনে সন্তুষ্ট প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি জানান, চোট কাটিয়ে ফিরতে এই তিন বোলার গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছেন, যা দলের জন্য ইতিবাচক দিক।

এ ছাড়া দলে ফিরেছেন অফস্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট, যিনি সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন। শ্রীলঙ্কায় ‘এ’ দলের সিরিজ শেষে মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্স মূল দলে যোগ দেবেন।

আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। সফরের আগে ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা কিউই দলের।

নিউজিল্যান্ড ওয়ানডে দল:
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163061