বগুড়ায় তেল বিক্রিতে প্রশাসনের নির্দেশনা পুরোপুরি কার্যকর করা যাচ্ছে না

বগুড়ায় তেল বিক্রিতে প্রশাসনের নির্দেশনা পুরোপুরি কার্যকর করা যাচ্ছে না

স্টাফ রিপোর্টার: গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ছাড়া এবং বোতলে তেল বিক্রিতে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা জারি করা হলেও গতকাল সোমবার নিষেধাজ্ঞা মানা পুরোপুরি সম্ভব হয়নি। পেট্রোল পাম্প গুলোতে অত্যাধিক ভীর, বাইকারদের দীর্ঘ অপেক্ষার কারণে ধর্য্য হারিয়ে তর্কে লিপ্ত হওয়া, পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা না থাকার কারণে নির্দেশনা মানা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বগুড়ার পেট্রোল পাম্প মালিক কতৃপক্ষ।

গতকাল রোববার বগুড়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান এ বিষয়ে নির্দেশনা দিয়ে পাম্প মালিকদের জানিয়ে দেন। বিষয়টি তদারকির জন্য পাম্পে ট্যাগ অফিসার নিযুক্ত করার কথা জানান। গতকাল সোমবার বগুড়ার বেশ কিছু পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, প্রতিটি পাম্পে প্রচুর ভির। তেল নিতে দীর্ঘ লাইনে রয়েছেন বাইকাররা। পেট্রোল পাম্পের লোকজনদের কাছে জানতে চাইলে তারা জানান, ট্যাগ অফিসার এসে চলে গেছে।

গাড়ির কাগজপত্র দেখে তেল দেওয়া সম্ভব হচ্ছেনা। অনেক গ্রাহক কাগজপত্র দেখাতে চান না। দেখতে চাইলে তারা তর্কে লিপ্ত হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারা মেজাজ হারিয়ে ফেলে, ফলে তর্কে লিপ্ত হয়। একারনে কাগজপত্র দেখা সম্ভব হচ্ছেনা। বগুড়া শহরের মালগ্রামের শামীম জানান, তার ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্র থাকলেও দেখানো সম্ভব হচ্ছেনা।

কারণ হিসেবে তিনি বলেন, কাগজপত্র যাচাই বাছাই করে তেল নিতে গেলে একজনের জন্য অতিরিক্ত ৪ থেকে ৫ মিনিট নষ্ট হবে। এতে অপেক্ষায় থাকা ব্যক্তিরা বিরক্ত হবেন এবং পাম্পে উত্তেজনা দেখা দিতে পারে। বিভিন্ন পাম্প মালিকরা পৃথকভাবে জানিয়েছেন, তাদের পক্ষে কাগজপত্র দেখে তেল বিক্রি করা সম্ভব হচ্ছে না।

কারণ তাদের লোকবল কম। ট্যাগ অফিসার এবং পুলিশ সার্বক্ষনিকভাবে পাম্পে অবস্থান করলে কাগজপত্র দেখে তেল বিক্রি সম্ভব তা ছাড়া সম্ভব নয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/163026