ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত নতুন করে আরও ছয় শিশু ভর্তি হয়েছে।
গতকাল রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে আজ সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রোগীদের ভর্তি করা হয়। সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট ৬৮ শিশু চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছেম তাদের মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ ছিল।
চলতি মাসের মাঝামাঝি সময় থেকে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলে ২৪ মার্চ থেকে শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তিনটি পৃথক মেডিকেল টিম গঠন করা হয়। ‘হাম/মিসেলস কর্নার’ নামে ১০ শয্যাবিশিষ্ট কক্ষে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে হামের চিকিৎসা চলতে থাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম কর্নারের কক্ষগুলোতে রোগীদের চাপ সামাল দেওয়া যাচ্ছে না। তাই হাসপাতাল প্রশাসন বর্তমানে ৮ তলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি নিচ্ছে। এখানে অক্সিজেন সরবরাহ, নার্স স্টেশন এবং চিকিৎসকদের বসার ব্যবস্থা করা হচ্ছে।
হাম মেডিকেল টিমের দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানিয়েছেন, যে শিশুদের অক্সিজেন প্রয়োজন, তারা পর্যাপ্ত পাচ্ছে। তবে আইসিইউ লাগবে এমন কোনো রোগী এখন পর্যন্ত ভর্তি হয়নি।
ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ জানান, জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্টকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যারা সার্বক্ষণিক হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবেন। তবে সোমবার সকাল পর্যন্ত এসব উপজেলায় হামে আক্রান্ত কোনো শিশু ভর্তি হয়নি।