সংসদে পানির সমস্যা, আমারও পেট খারাপ হয়েছে: চিফ হুইপ
সংসদে পানির চরম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, পানির সমস্যা বেশি। আমরা গত দু-তিনদিন ঘোলা পানি পেয়েছি। এ কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। ঘোলা পানির সমস্যা সমাধানের জন্য আমরা সরকারকে বলবো। এখানে ১ কোটি লিটার পানির দরকার, কিন্তু এখানে ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়। এখানে খুবই সংকট।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে সংসদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন চিফ হুইপ।
কমিটির সভাপতি নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত।
১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। আবার কিছু কিছু ২০০০ সালে তৈরি হয়েছে, কিছু নষ্ট হয়েছে। সেগুলো ঠিক করেছি আমরা। সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের আশস্ত করতে চাই তারা খুব শিগগির বাসায় উঠতে পারবেন।
সংসদের হাসপাতালের বিষয়ে বৈঠকে কথা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, একটা আইসিইউ অ্যাম্বুলেন্স প্রয়োজন, লাশবাহী ফ্রিজিং গাড়িও দরকার।
সংসদের সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না জানিয়ে চিফ হুইপ বলেন, আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু এ সাউন্ড সিস্টেম যেন কাজ করে সে চেষ্টা করা হচ্ছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ২ এপ্রিলের মধ্যে দেওয়া হবে বলেও জানান চিফ হুইপ।
সময় বরাদ্দ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কথাটা সঠিক নয়। সাধারণত সংসদে কথা বলে বিরোধীদল। সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। বিল নিয়ে কথা বলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বাজেট অধিবেশনেও কথা বলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। শুধু রাষ্ট্রপতির ভাষণের আলোচনার বিষয়টি সমভাবে বণ্টন করে দিয়েছি। তারা যত ঘণ্টা পেয়েছেন, তারাই সেটা ভাগ করে দেবেন। আমি শুধু নামটা দেবো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162995