সিরাজগঞ্জে জাল নোট ও মাদকসহ গ্রেফতার ৫
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ১৩ লাখ ১৫ হাজার ৭শ’ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২। এছাড়াও অপর একটি অভিযানে ১৯৬ বোতল এস্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
র্যাব-১২ সূত্রে জানা যায়, সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় গতকাল রোববার দুপুরে এক অভিযান পরিচালনা করে ৫১ হাজার টাকা জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রবিউল ইসলাম(২০) ও আবুল হাসান(২৯)।
তাদের জিজ্ঞাসাবাদে উল্লেখিত সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিম শেখের(৩৬) বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭শ’ টাকা জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে সিরাজগঞ্জ সদর থানা শিয়ালকোল এলাকায় আজ সোমবার (৩০ মার্চ) সকালে আরেকটি অভিযান চালিয়ে ১৯৬ বোতল এস্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মোস্তাফিজুর রহমান (৩০) মনিরুজ্জামান (৩৯) ও রোজিনা বেগম (৩৫)।
তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পিপিএম অতিরিক্ত ডিআইজি অধিনায়ক র্যাব-১২ মো. আতিকুর রহমান মিয়া।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162972