চাঁপাইনবাবগঞ্জে হত্যার প্রধানসহ ৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে হত্যার প্রধানসহ ৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে আলম ও মিলন নামে সহদোর দুই ভাই হত্যা মামলার প্রধান এবং বিস্ফোরকসহ অন্তত: ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি গোলাম কবিকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। তিনি নাচোলের ফতেপুর ইউনিয়নের পাইতালি মির্জাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফতেপুরের মির্জাপুর বাজার এলাকা থেকে কবিরকে গ্রেফতার করা হয়।

নাচোল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নূরুল কাদির সৈকত বলেন, গ্রেফতারকৃত কবির গত বছরের ১৫ অক্টোবর ফতেপুরের মাকরইল সাহাপুকুর গ্রামে সংগঠিত দুই ভাই হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দুই ভাই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ফতেপুরের মাকরইল সাহাপুকুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে খুন হন সহোদর দুই ভাই আলম ও মিলন। ওই ঘটনায় আলমের ছেলে সাদেক নাচোল থানায় কবিরকে প্রধান আসামি করে মামলা করেন।

এছাড়া কবিরের বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক অপরাধে আরও ৫টি মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162950