লিগ আয়োজন করতে বিসিবিকে কোয়াব’র চিঠি
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্লাব কর্তকর্তাদের মত-অমতের জেরে থমকে আছে সব ধরনের ঘরোয়া লিগ। এমতাবস্থায় বেশ বিপাকেই পড়েছে ক্রিকেটাররা। বিষয়টির সুরাহা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। দ্রুত সবগুলো লিগ চালুর দাবি জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
তৎকালীন সরকারের হস্তক্ষেপের অভিযোগে বিসিবির সবশেষ নির্বাচন বয়কট করেছিল বেশ কিছু ক্লাব কর্তকর্তা। এমনকি বর্তমান বোর্ডের অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করে ঢাকার প্রায় সব ক্লাব। একাধিকবার ক্লাব কর্তারা জানান, বুলবুলের বোর্ডের অধীনে তারা খেলতে আগ্রহী নয়। নতুন বোর্ডের অধীনে তাই এখনো কোনো লিগ মাঠে গড়ায়নি। এই ইস্যুতে এত দিন চুপ থাকলেও বিসিবি সভাপতি দেশে আসার পর লিগ আয়োজনের দাবিতে গতকাল চিঠি নিয়ে মিরপুরে হাজির হন কোয়াবের কমিটি ইনচার্জ শামসুর রহমান শুভ। শুধু বিসিবি সভাপতিকেই নয়, ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্টোপলিসকেও (সিসিডিএম) এই চিঠি দেওয়া হয়েছে।
কোয়াবের ওই চিঠিতে বলা হয়েছে, ‘ঘরোয়া ক্রিকেট মৌসুমের শেষ ভাগে চলে এসেছি আমরা। ঢাকার লিগ ক্রিকেটে এখনো অনেকটা অচলাবস্থা বিরাজমান। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর কোনো তোড়জোড় আমরা এখনো দেখতে পাচ্ছি না। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে উল্লেখযোগ্যসংখ্যক ক্লাব অংশ নেয়নি। বঞ্চিত ক্রিকেটারদের নিয়ে কোনো আয়োজন বা তাদেরকে নিয়ে বোর্ডের কোনো ভাবনা আমরা এখনো জানতে পারিনি। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা নিয়েও কোনো আলোচনা বা পরিকল্পনা আমাদের চোখে দৃশ্যমান নয়। সব মিলিয়ে, ঘরোয়া ক্রিকেটের বর্তমান চিত্র ক্রিকেটারদের জন্য চরম হতাশাজনক।’
চিঠিতে কোয়াব আরও লিখেছে, ‘লিগ নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটাররা ভীষণ দুর্ভাবনায় আছে, অনেক ক্রিকেটার অসহায় ও কাতর হয়ে লিগ শুরুর অপেক্ষায় আছে, জীবিকার অবলম্বন থমকে থাকায় অনেকে পরিবার সামলাতে অনেকে হিমশিম খাচ্ছে, আর্থিক সংকটে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের প্রত্যাশা, ঢাকার ক্রিকেটের অভিভাবক হিসেবে আপনি সব সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব লিগগুলো চালুর ব্যবস্থা নেবেন এবং ক্রিকেটারদের মুখে হাসি ফোটাবেন।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162925