স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে আদালতে আসামির উপস্থিতিতে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

‎আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত রাশেদ মোল্লা সদর উপজেলার তাম্বুলখানা এলাকার লতিফ মোল্লার ছেলে।

মামলার অভিযোগে বলা হয়,  ২০২০ সালের ১৬ জুলাই যৌতুকের দাবিতে রাশেদ মোল্লা তার স্ত্রীকে বেধরক মারধর করেন। এক পর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে গৃহবধুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় রাশেদের স্ত্রীর অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এঘটনায় নিহতের ভাই জলিল শেখ বাদী হয়ে  ওই বছর ১৭ জুলাই কোতোয়ালি থানা একটি মামলা দায়ের করে। সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দিয়েছেন।

এবিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী বলেন, এঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। সুস্থ সমাজে এটি কাম্য নয়। আজকের এই রায়ে আমরা সন্তুষ্ট।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162920