বগুড়ার দুপচাঁচিয়ার অধ্যক্ষ রুবেল সড়ক দুর্ঘটনায় নিহত

বগুড়ার দুপচাঁচিয়ার অধ্যক্ষ রুবেল সড়ক দুর্ঘটনায় নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর আছির উদ্দিন চিশ্তি মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ শেখ রুবেল (৫৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের গোদারপাড়া এলাকায়।

জানা গেছে, কাহালু উপজেলার বীরকেদার মাদ্রাসা পাড়ার প্রয়াত ছোলায়মান হোসেনের ছেলে দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর আছির উদ্দিন চিশ্তি মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ শেখ রুবেল (৫৭) ঘটনার দিন গতকাল শনিবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশাযোগে বগুড়া শহর থেকে দুপচাঁচিয়ায় আসছিলেন।

অটোরিকশটি গোদারপাড়া এলাকায় পৌঁছিলে যানজটের কারণে বিকল্প সেফওয়ে হোটেলের পাশের রাস্তা দিয়ে আসার সময় অন্য একটি অটোরিকশার সামনের চাকা খুলে যায়। এতে অধ্যক্ষ বহনকারী অটোরিকশাটি ধাক্কা খায়। এসময় গাড়িতে থাকা অধ্যক্ষ আব্দুল হামিদ শেখ রুবেলের জামাই রাস্তায় পড়ে গিয়ে আহত হন। রুবেলও ধাক্কা খেয়ে বুকে আঘাত পান।

কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে একটি রিংপরানোসহ প্রেসমেকার লাগানো ছিল। আঘাত পেয়ে তিনি বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। দ্রুত তাকে বগুড়ার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তার স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় তার হাতেগড়া দীর্ঘদিনের কর্মস্থল মোস্তফাপুর আছির উদ্দিন চিশ্তি মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে প্রথম জানাজা নামাজ অনু্িষ্ঠত হয়। পরে গ্রামের বাড়ি বীরকেদার খাজা ময়েন উদ্দিন চিশতি (রহ.) দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দুপচাঁচিয়া বেসরকারি শিক্ষক কর্মচারী পরিবার কল্যাণ সংস্থার সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ শেখ রুবেলের মৃত্যুতে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন-দুপচাঁচিয়া বেসরকারি শিক্ষক কর্মচারী পরিবার কল্যাণ সংস্থার সহসভাপতি অধ্যক্ষ শামছুন্নাহার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম, আলাউদ্দিন ফকির, আলহাজ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক রফিকুল আলম, প্রভাষক কুতুব সাহাবুদ্দিন বাবু, অধ্যক্ষ মাওলানা আজিজার রহমান, অসিম কুমার দাস, ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162863