নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যায় অভিযুক্ত ট্রাকচালক যশোরে গ্রেপ্তার
নড়াইলে ডিজেল দিতে অপরাগতা জানানোয় পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক সুজ্জাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
আজ রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সুজ্জাত আলী নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গতকাল শনিবার ( ২৮ মার্চ) দিবাগত রাত সোয়া ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
রাতে চালক সুজ্জাত আলী নড়াইল সদর উপজেলার ‘তানভীর ফিলিং স্টেশনে’ ট্রাক নিয়ে ডিজেল নিতে যান। পাম্পে পর্যাপ্ত ডিজেল মজুদ না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপরাগতা জানান।
এ নিয়ে তাদের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক হয় এবং চালক সুজ্জাত ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
তিনি আরও জানান, ডিউটি শেষে রাত ২টার দিকে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্যা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ঘাতক ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং জিহাদ মোল্যা গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক সুজ্জাত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোরের সদস্যরা অভয়নগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।