বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
গত এক মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১০০ দিরহামের (প্রায় ৩ হাজার ২০০ টাকা) বেশি কমেছে। ফলে দীর্ঘ মন্দাভাব কাটিয়ে দুবাইসহ আমিরাতের জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেট বিনিয়োগের স্বর্ণ এবং ২২ ক্যারেট গয়নার চাহিদা ব্যাপক হারে বেড়েছে।
রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
রোববার আমিরাতের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের বিক্রি হয়েছে ৫৪১ দশমিক ২৫ দিরহামে। অন্যদিকে, গয়নার জন্য জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১ দশমিক ২৫ দিরহাম।
বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ৫০০ ডলারের রেকর্ড শিখর থেকে নেমে বর্তমানে ৪ হাজার ৪৯৩ দশমিক ৭৯ ডলারে অবস্থান করছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে।
আমিরাতে ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা উভয় পক্ষই বাজারে ফিরতে শুরু করেছেন।
এদিকে, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।
দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162833