মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের কাসেমিরো!
স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো এবার নতুন ঠিকানার খুব কাছাকাছি। গুঞ্জন উঠেছে, ইন্টার মায়ামিতে যোগ দিতেই যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা, যেখানে আগে থেকেই খেলছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।
বিশ্বস্ত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ইন্টার মায়ামি ইতোমধ্যে কাসেমিরোকে দলে ভেড়াতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। ক্লাবটি একটি প্রাথমিক প্রস্তাবও দিয়েছে, যা নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। রোমানো আরো উল্লেখ করেন, কাসেমিরো নিজেও মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে আগ্রহী এবং ইন্টার মায়ামির প্রকল্প তাকে বেশ আকৃষ্ট করেছে। বিশেষ করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকাদের উপস্থিতি, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং মায়ামি শহরের জীবনযাপন, সব মিলিয়ে এই ট্রান্সফারটি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা বেশ জোরালো।
তবে শুধু ইন্টার মায়ামিই নয়, ইউরোপের কয়েকটি ক্লাব এবং সৌদি আরব থেকেও কাসেমিরোর জন্য প্রস্তাব রয়েছে। সব দিক বিবেচনা করে খুব শিগগিরই নিজের পরবর্তী গন্তব্য চূড়ান্ত করবেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162810