কেড়ে নেয়া ট্রফি নিয়েই প্যারেড সেনেগালের!

কেড়ে নেয়া ট্রফি নিয়েই প্যারেড সেনেগালের!

স্পোর্টস ডেস্ক : শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের পরও ট্রফি নিয়ে প্যারেড করেছে সেনেগাল। শনিবার ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তারা আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ট্রফির প্রদর্শনী করেছে। শুধু কী তাই? ট্রফি প্যারেডের পর সেনেগাল দুই তারকাখচিত জার্সি পরে প্রীতি ম্যাচ খেলতে নামে। দুই তারকার একটি ২০২১ সালে তাদের প্রথম আফ্রিকান শিরোপার, দ্বিতীয়টি কেড়ে নেওয়া ট্রফির! যা মরক্কোকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  

চলতি মাসের শুরুতে জানুয়ারির ফাইনালের ফল উল্টে দিয়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ) ঘোষণা দেয়, ২০২৫ সালের আফকন চ্যাম্পিয়ন মরক্কো। ফাইনালে ম্যাচটি ০-০ অবস্থায় থাকাকালে ইনজুরি টাইমে পেনাল্টি পেয়েছিল স্বাগতিক মরক্কো। এর প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেনেগালের খেলোয়াড়রা। প্রায় ১৭ মিনিট পর খেলা পুনরায় শুরু হলে মরক্কো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে সেনেগাল। তবে মরক্কোর ফুটবল সংস্থা এর বিরুদ্ধে আপিল করলে তাদের পক্ষেই রায় দেয় ক্যাফ। পরে আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ঘোষণা দেয়, ম্যাচটি সেনেগাল পরিত্যাগ করেছে বলে গণ্য হচ্ছে এবং মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।


এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগাল। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162803