গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক :  গ্রিস উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ছয় দিন ধরে সমুদ্রে ভাসতে থাকার পর তাদের এই মর্মান্তিক পরিণতি ঘটে বলে জানিয়েছে গ্রিক কোস্টগার্ড।

জানা গেছে, একটি ছোট ডিঙি নৌকায় করে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এসব অভিবাসনপ্রত্যাশী। শুক্রবার ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। উদ্ধার হওয়া দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে যাত্রা শুরু করে। যাত্রাপথে খারাপ আবহাওয়া, খাদ্য ও পানির সংকট এবং দিক হারিয়ে ফেলার কারণে ছয় দিন ধরে তারা সমুদ্রে ভাসতে থাকে। এসব কারণেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেষ পর্যন্ত গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের একটি শহর লেরাপেত্রা থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরে নৌকাটিকে শনাক্ত করা হয়।

এ ঘটনায় মানবপাচারের অভিযোগে দক্ষিণ সুদানের ১৯ ও ২২ বছর বয়সী দুই তরুণকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের এবং একজন চাদের নাগরিক বলে জানা গেছে।

বিশ্বজুড়ে অভিবাসন সংকটের অংশ হিসেবে গ্রিস ও ইতালি ভূমধ্যসাগর হয়ে বিপুল সংখ্যক অনিবন্ধিত অভিবাসী গ্রহণ করে থাকে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৪১ হাজার ৬৯৬ জন সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন। চলতি বছরেও এ সংখ্যা বাড়ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162765