কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭টি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ঈদের পর এসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পাথরডুবি ইউনিয়নের থানাঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারেক বিএসসি, শিলখুড়ি ইউনিয়নের কচাকাটা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মুর্তজা, পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, আন্ধারিঝাড় ইউনিয়নের বেলদহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ইউসুফ আলী, বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফল আলম বিএসসি ও সোনাহাট ইউনিয়নের স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী আবু হেনা মাসুম।
উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন বলেন, ইউপি নির্বাচনের প্রার্থী ঘোষণা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, দীর্ঘ সাংগঠনিক প্রক্রিয়ার ফল। কয়েক মাস আগে থেকেই এ বাছাই কার্যক্রম শুরু হয়েছিল। সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নের রোকন (সদস্য) ও কর্মীদের গোপন ভোট দিয়ে প্রার্থী ঠিক করেছেন। ফলে দলের ভেতরে বিভ্রান্তি বা বিশৃঙ্খলার সুযোগ নেই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162756