মাতৃভূমিকে নিরাপদ করার চেয়ে উত্তম কাজ হতে পারে না : শিমুল বিশ্বাস এমপি
পাবনা প্রতিনিধি : পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, নিজের মাতৃভূমিকে যদি আমরা নিরাপদ করতে পারি, এর চেয়ে উত্তম কাজ আর হতে পারে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আমাদের সে লক্ষ্যে কাজ করতে হবে। আমি মন থেকে এটা চাই, চেষ্টা করি। যখনই যে পরিবর্তন হচ্ছে, তখনি আমি সেই চেষ্টা করছি।
শনিবার (২৮ মার্চ) বিকেলে পাবনা শহরের শ্রী শ্রী জয়কালীবাড়ি মন্দিরে বাসন্তী পূজার বিজয় দশমীর শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন মন্দির সংস্কারে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, শুধু ভালো কথা বললেই হবে না, ভালো কাজও করতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
মন্দ কাজের কোনো চর্চা লাগে না। মন্দ কাজ হলো সংক্রামক। অটোমেটিকেলি এটা হয়। ভালো কাজকে দৃশ্যমান করতে হবে, লালন-পালন করতে হবে। মন্দ কাজকে পরিহার করতে হবে। আমরা যেন সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারি।
তিনি বলেন, উন্নয়নের ছোঁয়া যেন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষ সবাই পায় সেই চেষ্টা আমি করবো। শুধু দেশেই নয়, আমি দেশের বাইরের লোকের কাছ থেকেও সহযোগিতা নিয়ে আসি, চেষ্টা করে নিয়ে আসি, সুষ্ঠুভাবে বন্টন করি। বাংলাদেশের এই দুঃখ, দারিদ্রতা, জরা, ব্যধি, অভাব, অনটন, অনাচারের থেকে একটা উন্নত ও নিরাপদ ব্যবস্থা করার জন্য যদি সামান্য ভূমিকা আমি রাখতে পারি সেই চেষ্টা আমি সবসময় করবো।
পাবনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এড. মলয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবুল হোসেন খান রেয়ন, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, পাবনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু, প্রচার সম্পাদক সাগর মজুমদার, জ্যোতির্ময় মজুমদার গৌরাঙ্গ, অচিন্ত ঘোষ, রবিউল ইসলাম রবি, গোলাম রব্বানী কামনা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাবনা পৌর সদরের ১৫টি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদানের ২৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের দপ্তর সম্পাদক সোমনাথ বাগচী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162734