ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাঁচা ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরকুল ইসলাম তালুকদার।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারা বাজারে গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে ওয়ারিছ আলী ও আকল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে জমির কাঁচা ধান কাটাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আকল মিয়ার পক্ষের বিল্লাল হোসেনকে (৩৮) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার বলেন, ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই বিষয়ে থানায় এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162692