রাঙামাটিতে বিজিবির অভিযানে রসুন ও পুদিনা সিরাপ জব্দ

রাঙামাটিতে বিজিবির অভিযানে রসুন ও পুদিনা সিরাপ জব্দ

রাঙামাটি থেকে ভারত সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও পুদিনা সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা সীমান্তের আমতলী গ্রাম থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে সাড়ে সাত বস্তা চায়না রসুন ও ৪৭৬ পিস পুদিনা সিরাপ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৩ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ ব্যাটালিয়নের টহল কমান্ডার মফিতুন হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় কাপ্তাই হ্রদে ভাসমান একটি ইঞ্জিনচালিত বোট দেখতে পান তারা। বিজিবির উপস্থিতি টের পেয়ে বোটচালক পালিয়ে যায়। পরে বোটটি তল্লাশি করে সাড়ে সাত বস্তা চায়না রসুন ও ৪৭৬ পিস পুদিনা সিরাপ জব্দ করা হয়।

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162683