বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়, নতুন পোশাক নিয়ে কাজ হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। পুলিশ সদস্যরা যাতে তাদের ঐতিহ্যবাহী যে কোন একটি পোশাকে ফিরতে পারে, সরকারের সর্বোচ্চ মহল সেটি নিয়ে কাজ করছে।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকারের নীতি আইনের চোখে সবাই সমান, সে রাজনৈতিক কর্মী বা কৃষক যেই হোক না। পুলিশকে কোন বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না জানিয়ে মন্ত্রী আরো বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। সাইবার অপরাধ দমনে পুলিশকে আরো দক্ষ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুচকাওয়াজ পরিদর্শনের পর স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ কর্মকর্তাদের পেশাদারত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব। দীর্ঘ প্রশিক্ষণের কৃতিত্বের অংশ হিসেবে বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক দুই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার ফাহিম ফয়সাল। এছাড়াও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার বাপী কুমার দাশ।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুলিশ একাডেমিতে ২০২৫ সালের ১ মার্চ ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের ৮০ শিক্ষানবিশ এএসপিদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।
এদিকে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। এরপর আজ শনিবার প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। সমাপনী কুচকাওয়াজ শেষে সহকারী পুলিশ সুপাররা বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য পদায়িত হবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162660