‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাহককে তেল না দিয়ে মজুত করার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স বার্দাস এন্ড সিস্টার্স ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পরে ওই ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেলের মজুত পাওয়া যায়। মজুত পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত সেখানে ২হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩হাজার ৭৬০ লিটার ডিজেল ও ৩হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদের সন্ধান পায়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

‎উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হবে। কোনো ধরণের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162617