চট্টগ্রামে ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

চট্টগ্রামে ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৩০টি ড্রাম থেকে আনুমানিক ৬ হাজার লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (সকাল ১০টা ৪৫ মিনিটে) কমিশনার ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও বাংলাদেশ পুলিশের সদস্যরা অংশ নেন। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি।

উদ্ধার করা ডিজেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জ্বালানি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে—সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি পরিবহনের সময় একটি অসাধু চক্র কৌশলে তেল সরিয়ে স্থানীয়ভাবে বিক্রি করছিল।

জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। অবৈধ তেল মজুদ ও কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162596