দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। ঈদের আগে ও পরে গত ১০ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং দুর্বল সড়ক ব্যবস্থাপনাই এ ধরনের দুর্ঘটনার মূল কারণ।

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭৪ জন।

সংগঠনটি আরও জানায়, গত বছরের ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে ২৪৯ জন নিহত হয়েছিলেন। সেই তুলনায় এবার ঈদকে কেন্দ্র করে সড়কে প্রাণহানি আরও বেড়েছে।

এবারের ঈদে কয়েকটি বড় দুর্ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ২১ মার্চ রাতে কুমিল্লায় একটি বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এর কয়েক দিন পর, ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের মৃত্যু হয়।

এই দুটি বড় দুর্ঘটনার পর ঈদযাত্রার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে দেশে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন।

যদিও বেসরকারি ও সরকারি হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে, তবু উভয় তথ্যেই ঈদকেন্দ্রিক সড়ক পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162570