ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর, ইতিহাসে নতুন নজির

ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর, ইতিহাসে নতুন নজির

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির মুদ্রায় নিজের স্বাক্ষর যুক্ত করতে যাচ্ছেন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে তিনিই প্রথম দায়িত্বে থাকা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডলারের নোটে স্বাক্ষর রাখার নজির গড়তে যাচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

জানানো হয়েছে, ট্রাম্পের স্বাক্ষর অর্থমন্ত্রী স্কট বেসেন্টের স্বাক্ষরের পাশাপাশি থাকবে। বিভাগটি বলছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বেসেন্ট বলেন, আমাদের মহান দেশ ও প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো ডলারের নোটে তার নাম থাকা। এতদিন যুক্তরাষ্ট্রের ব্যাংকনোটে সাধারণত কেবল অর্থ বিভাগের কর্মকর্তাদের স্বাক্ষরই থাকত।

সরকারি বিভিন্ন কর্মসূচি ও ভবনের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার ধারাবাহিকতায় এটিই সর্বশেষ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আগামী জুন মাসে ট্রাম্প ও বেসেন্টের স্বাক্ষরসংবলিত প্রথম ১০০ ডলারের নোট ছাপানো হবে এবং পরে অন্যান্য নোটেও তা যুক্ত করা হবে।

বর্তমানে যে নোটগুলো ছাপা হচ্ছে, তাতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও ট্রেজারার লিন মালেরবা’র স্বাক্ষর রয়েছে।

১৮৬১ সাল থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারারের স্বাক্ষর ব্যাংকনোটে ব্যবহারের যে প্রচলন ছিল, ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনায় সেই ঐতিহ্যের অবসান ঘটবে।

২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বেসেন্ট বলেন, ট্রাম্পের নামসংবলিত মুদ্রা ছাপানো দেশের ঐতিহাসিক অর্জন ও প্রেসিডেন্টকে স্বীকৃতি দেওয়ার ‘একটি শক্তিশালী উপায়’ হবে।

বর্তমান মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ বলেছেন, দেশের মুদ্রা সমৃদ্ধি, শক্তি এবং আমেরিকান জনগণের অটল চেতনার প্রতীক হিসেবেই থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162552