কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জের করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোণা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাস নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অপর বাসটির চালক ঘটনার পর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত একটি বাস সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশেদ আলম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162541