বাবুগঞ্জে আ.লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন

বাবুগঞ্জে আ.লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন

বরিশালের বাবুগঞ্জে ৫৯৯ দিন কার্যক্রম স্থগিত থাকার পর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কয়েকজন নেতাকর্মী বাবুগঞ্জ উপজেলার কলেজ গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ব্যানার টানানো হয়।  ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বাবুগঞ্জ উপজেলা শাখা উল্লেখ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মুখে মাস্ক পরিহিত পাঁচ থেকে ছয়জন নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা যায়। তারা সংক্ষিপ্ত সময় অবস্থান করে কর্মসূচি শেষ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা জানান, ভবিষ্যতে দলীয় সব কর্মকাণ্ডে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন। তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উত্তেজিত জনতা কার্যালয়ে অগ্নিসংযোগ করলে এটি পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় কোনো ধরনের দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বা ব্যানার টানানোর কোনো তথ্য আমাদের কাছে নেই। বর্তমানে ওই কার্যালয়ে কোনো পতাকা দেখা যায়নি এবং এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি পুরাতন কোনো ঘটনা হতে পারে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162513