সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৯
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৯ জন আহত হয়েছেন। এই ঘটনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মাইনুল হাসান বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে কাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পারুলকান্দি গ্রাামের বাসিন্দা মো. মাইনুল হাসানের পরিবারের সাথে একই গ্রামের বাবলু মিয়া ও আতিকুর রহমানের দীর্ঘদিন ধরে জমির সীমানা ও যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লোহার রড, পাইপ, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্র নিয়ে মাইনুলের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ও নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করা হয়।
এসময় বাধা দিতে গেলে মাইনুলের পরিবারের সদস্যরা মারপিটের শিকার হন। এতে নারীসহ ৯ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, মারামারির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162507