চাঁপাইনবাবগঞ্জে সালিশে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কুথানীপাড়া ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুথানীপাড়া গ্রামের অপর অংশের বিবদমান স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সালিশ চলাকালীন অন্তত: অর্ধশতার্ধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার সদর ও শিবগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন দুই পক্ষের দুইজন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, থানায় বিস্ফোরক আইনে মামলায় এজাহারনামীয় আসামি ২১ জন। অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও কয়েকজন। অপরদিকে মূল ঘটনাস্থল শিবগঞ্জ থানা এলাকার ঘটনার জন্য সাবেক ইউপি সদস্য মো. চান্দু ২৫ জনকে এজাহারনামীয়সহ অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের মীমাংসার সালিশের সময় গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ছাড়াও খড়ের গাদায় আগুন, বাড়িঘরে হামলা ও লুটপাটের মত ঘটনা ঘটে। এসময় ককটেলের আঘাতে গুরুতর আহত স্থানীয় এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162486