বগুড়ার ধুনটে কৃষকের আত্মহত্যা

বগুড়ার ধুনটে কৃষকের আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়ন ঘর থেকে বের হওয়া কৃষক শাহজাহান আলীর (৬০) ঝুলন্ত মৃতদেহ গাব গাছের ডাল থেকে উদ্ধার করেছে তার স্বজনরা। বুধবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে বাড়ির অদুরে জঙ্গলের ভেতর একটি গাব গাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের আজিজুল হকের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বিলা গ্রামের শাহজাহান আলী একজন আর্দশ কৃষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে কয়েক মাস ধরে তিনি বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা করছিলেন। এ অবস্থায় অন্যান্য দিনের মত মঙ্গলবার রাতে নিজের বাড়িতে শয়ন কক্ষে শুয়ে পড়েন।

এ সময় রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ঘর থেকে বের হন শাহজাহান আলী। এরপর তিনি আর ঘরে ফিরে আসেননি। ওই রাতে পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁেজও তার সন্ধান পাননি।

এ অবস্থায় বুধবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে জঙ্গলের ভেতর একটি গাব গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শাহজাহান আলীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তার স্বজনরা। পরে এ বিষয়টি থানায় জানানো হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে শাহজাহান আলী মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। প্রাথমিক তদন্তে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162392