কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) 'ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬' প্রকাশিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) কিউএস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। র্যাঙ্কিংয়ে আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে।

প্রথমত-প্রধান বিষয় (broad subject), যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। দ্বিতীয়ত-নির্দিষ্ট বিষয় (narrow subject), যেখানে ৫৫টি ক্যাটাগরি রয়েছে। ব্রড সাবজেক্টে ৫টির মধ্যে তিনটিতে স্থান হয়েছে বাংলাদেশের ৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের।

এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একাধিক; মোট ৩টি ক্যাটাগরিতে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি করে ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছে। ফলে ব্রড সাবজেক্ট এরিয়ায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ঢাবি। এবারেরর র্যাঙ্কিংয়ে ৫৫টি নির্দিষ্ট বিষয় রয়েছে। এরমধ্যেও এগিয়ে রয়েছে ঢাবি। মোট ১০টি নির্দিষ্ট বিষয় ক্যাটাগরিতে এবারের র্যাঙ্কিংয়ে স্থান হয়েছে এই বিশ্ববিদ্যালয়টির।

এছাড়া আরও ৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে নির্দিষ্ট বিষয় ক্যাটাগরিতে। ঢাবির পর স্থান হয়েছে-বুয়েটের ৭টি, নর্থ সাউথের ৫টি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪টি। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি করে বিষয় নিয়ে নির্দিষ্ট বিষয় ক্যাটাগরি র্যাঙ্কিংয়ে স্থান হয়েছে।

কিউএস বলছে, এ বছরের র্যাঙ্কিংটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় আয়োজন, যেখানে বিশ্বের নানা দেশের ১ হাজার ৯০০-এরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৩০০-এরও বেশি প্রতিষ্ঠান প্রথমবারের মতো স্থান পেয়েছে। গত বছরের তুলনায় দক্ষিণ এশিয়ায় উন্নতি করা বিশ্ববিদ্যালয়ের শতাংশ সর্বোচ্চ, অন্যদিকে পূর্ব এশিয়া থেকে সবচেয়ে বেশি নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162384