ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকাসক্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউদ্ধৃতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আমিনুল ইসলাম(৩৬)। তিনি ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন মাদক সেবন ও মাদক কারবারের সাথে জড়িত ছিলেন। মাদক ছাড়ানোর জন্য পরিবারের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেননি। গত কয়েকদিন তিনি এক প্রকার ঘরবন্দি জীবন যাপন করছিলেন এবং পরিবারের সদস্যদের সাথে মাঝেমধ্যেই ক্ষিপ্ত আচরণ করতেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় আমিনুল তার ঘরে ঘুমাতে যান। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে আমিনুলকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের বাবা মো. আশরাফ আলী ভুল্লী থানায় উপস্থিত হয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেন। নিহতের বাবা জানান, ছেলের এ মৃত্যুতে তাদের কারও প্রতি কোনো অভিযোগ নেই। ঘটনার বিষয়ে ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন,  আমরা নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর একটি সংবাদ পেয়েছি।

প্রাথমিকভাবে জানা যায়, যুবকটি দীর্ঘকাল মাদকাসক্ত ছিলেন এবং সেই হতাশা থেকেই শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162383